SANS-H-CC-T-03
Write a short note on “वेतालपञ्चविंशति”
Ans :-
বেতালপঞ্চবিংশতি
ভূমিকাঃ-
গল্প সাহিত্যের ইতিহাসে বেতালপঞ্চবিংশতি অতি জনপ্রিয় ও বহুল প্রচারিত গ্রন্থ । সংস্কৃত গল্প সাহিত্যে এই গ্রন্থটি এক মুল্যবান সম্পদ রুপে বিবেচিত । এই গ্রন্থটি ২৫ টি গল্পের সমষ্টি ।
রচনাকারঃ-
এই গ্রন্থের রচয়িতা হিসাবে শিবদাসের নাম পাওয়া যায় ।তবে এই গ্রন্থের একাধিক সংস্করণ মেলে । শিবদাসের সংস্করণ টি গদ্য-পদ্য মিশ্রিত । এই সংস্করণটি সর্বাপেক্ষা প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ সংস্করণ ।জম্ভল দত্ত নামক কোন লেখকের গদ্যাত্মক সংস্করণ এবং অজ্ঞাতনামা লেখকেরও অনুরূপ রচনা পাওয়া গেছে । সমগ্র কাহিনীর সংক্ষিপ্তসার করেন জনৈক বল্লভদাস ।
গ্রন্থের উৎসঃ-
ক্ষেমেন্দ্র এবং সোমদেবের রচনায় বেতালপঞ্চবিংশতি গ্রন্থের গল্পগুলি গৃহীত হয়েছে। সুতরাং অনুমান করা যেতে পারে যে ,বিখ্যাত ‘বৃহৎকথা’-ই হল আলোচ্য গ্রন্থের উৎস ।
গ্রন্থের বিষয়বস্তুঃ-
বেতালপঞ্চবিংশতি-র বিষয় বস্তু হল – রাজা ত্রিবিক্রমসেন বা বিক্রমাদিত্যকে এক সন্ন্যাসী প্রতিদিন একটি করে ফল উপহার দিতেন । সেই ফলের মধ্যে থেকে একটি করে রত্ন পাওয়া যেত ।সন্ন্যাসীর অনুরোধে বিক্রমাদিত্য শ্মশানের কোন এক বৃক্ষ থেকে একটি শব আনতে প্রতিশ্রুতিবদ্ধ হন ।সেই শবকে আশ্রয় করে এক বেতাল বা পিশাচ অবস্থান করত । বিক্রমাদিত্য যতবার বৃক্ষ থেকে দোদুল্যমান সেই শবকে নীচে নামান ততবারই বেতাল তাঁকে একটি করে গল্প বলে এবং গল্পে বর্ণিত সমস্যা বা ধাঁধার সমাধান করতে বলে ।বিক্রমাদিত্য বেতালের প্রশ্নের যথাযথ উত্তর দেন,আর রাজার মৌন ভঙ্গের সুযোগে বেতাল- আশ্রিত সেই শব বৃক্ষে আরোহণ করে । এইভাবে বেতাল কথিত পঁচিশটি গল্পের সংকলন হল ‘বেতালপঞ্চবিংশতি’।
মূল্যায়নঃ-
শিবদাস কৃত বেতালপঞ্চবিংশতি-র রচনারীতি ও বর্ণনা ভঙ্গী সর্বাপেক্ষা চিত্তাকর্ষক ।বেতালের প্রশ্নগুলি মুলতঃ ধাঁধা; কিন্তু কাহিনীগুলি অতীব কৌতূহলোদ্দীপোক ও হৃদয়গ্রাহী ।প্রত্যেকটি গল্পের অভিনবত্ব ,অবাধ কল্পনার বিস্তার, হাস্যরসের উপাদান,বুদ্ধির চাতুর্য্য, বিচিত্র পরিবেশ ও বহুমুখী উপাদান প্রভৃতি মিলে এই গ্রন্থ প্রাচীন ভারতীয় লোকসাহিত্যের অর্বাচীন সংস্করণ রুপে অত্যন্ত মুল্যবান ।
----------